পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলম বলেছেন, কেউ যদি হরতাল ডাকে তবে পুলিশ বাহিনী জনগণের জানমাল রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত আছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ কয়েকটি সংগঠন ২০ জুলাই হরতাল ডেকেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ছড়িয়ে পড়ার পর আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজবের বিষয় তার জানা নেই বলেও তিনি জানান।
টাইমস অব বাংলাদেশকে পুলিশ প্রধান বলেন, আপাতত গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে পুলিশ কাজ করছে, সেখানে কারফিউ চলছে। দেশের সব জায়গায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে যা যা করা দরকার, পুলিশ তা করবে।
জনগণকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান আইজিপি।


