হবিগঞ্জে হামলায় আহত ছাত্রশক্তি নেতা আলিফকে ঢাকায় নেওয়া হচ্ছে

হবিগঞ্জে হামলায় আহত ছাত্রশক্তি নেতা আলিফকে ঢাকায় নেওয়া হচ্ছে
ফাইল ছবি
Advertisement
Advertisement

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

জাতীয় ছাত্রশক্তি সূত্র জানায়, হামলায় আহত হওয়ার পর মঙ্গলবার রাতে আলিফকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার চিকিৎসকরা তাকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

সূত্রটির দাবি, হামলার সময় আলিফের চোখে রড দিয়ে আঘাত করা হয়। চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘১৯ বছরের একটি ছেলের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

এনসিপির অভিযোগ, মঙ্গলবার হবিগঞ্জে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, ‘এই হামলা প্রমাণ করে বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে না।’ তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad