জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন।
তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল শরিফুল ইসলাম। শুনানি শেষে আদালত ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, গত ৫ মে এই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ৮ মে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।


