হংকংয়ের তাই পো এলাকায় ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন।
বিবিসি জানিয়েছে, ভবনগুলো নির্মাণের সঙ্গে জড়িত তিনটি সংস্থার নির্বাহী কর্মকর্তাকে ‘অনিচ্ছাকৃত হত্যার’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নির্মাণ কাজে বাঁশ এবং পলিস্টাইরিন ফোমের মতো দাহ্য পদার্থ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
৮০০ ফায়ার সার্ভিস কর্মী গত ১৮ ঘণ্টা ধরে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। যাদের মধ্যে একজন মারাও গেছেন।
এর আগে বুধবার বিকালে আগুন ধরার পর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো আবাসিক কমপ্লেক্সের আটটি ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন।
হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সেই সঙ্গে সেখানকার আবাসন খাতে খরচও অনেক বেশি।
শহরটির অসংখ্য বহুতল আবাসিক কমপ্লেক্সের মতো ওয়াং ফুক কোর্টেও একসঙ্গে ছিল আটটি ভবন। যেগুলোর অবস্থান ছিল বেশ কাছাকাছি, ফলে সহজেই একটি থেকে অন্যটিতে আগুন ছড়িয়ে পড়ে।
গত তিন দশকে এটিই হংকংয়ের সবচেয়ে বড় ও ভয়াবহ আগুনের ঘটনা।


