বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। উপজেলা সদর বাজারে তার ডেউটিনের একটি দোকান রয়েছে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে সংগঠনে তার নির্দিষ্ট পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাতে বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ব্যবসায়ী সোহাগ শেখকে গুলি করে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে তার শরীরে তিনটি গুলি লেগেছে।
মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুরতাহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।
এর আগে গত ৭ মার্চ রাতে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাম (২৭) নামের এক যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ নূর ইসলাম মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।


