মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় প্রশাসন নগরীর কাট্টলীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সরকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিঞা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কুচকাওয়াজের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা ও রেঞ্জ পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন।
তিনি বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করেই দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।


