বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোন-সেন্ট্রাল জোনের ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে আম্পায়ারিং আর ইস্ট জোন অধিনায়ক ইয়াসির আলী রাব্বির ক্ষোভে ফেটে পড়া। বৃহস্পতিবার ২৩৭ রানের সংগ্রহ নিয়ে ৫ উইকেটে হারা ম্যাচের দুই ইনিংসেই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইস্ট জোনের অধিনায়ক ইয়াসির। প্রথম ইনিংসে তার নিজের আউটের সিদ্ধান্ত নিয়েই আক্রোশ ঝারতে দেখা যায় তাকে। পরে ফিল্ডিংয়ের সময় আরিফুল ইসলামের কট বিহাইন্ড নিয়েও রাগ প্রকাশ করেন তিনি।
আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় রকিবুল হাসানের হাতে ধরা পড়েন ৩৭ রান করা ইয়াসির। খালি চোখে বোঝার উপায় ছিল না, সেটি ছক্কা হয়েছে নাকি আউট। তবে ভিডিও রিপ্লে ও বিভিন্ন ফুটেজে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় সীমানা দড়িতে ছিল রকিবুলের পা। তাই সেটি ছক্কা হওয়ার কথা। কিন্তু টিভি আম্পায়ার না থাকায় মাঠের আম্পায়াররাই আউট দেন।
এখানেই শেষ নয়। দ্বিতীয় ইনিংসে ডিফেন্ড করতে নেমে ৩৩তম ওভারে মুশফিক হাসানের দ্বিতীয় বলে আরিফুল হকের বিপক্ষে কট বিহাইন্ডের জোরাল আবেদন করে ইস্ট জোন। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রাগে-ক্ষোভে ফেটে পড়েন ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, মুশফিকরা।
আম্পায়ারিং বিতর্কের এই ম্যাচে ২৩৭ রান তাড়া করতে নেমে নাঈম শেখের ৮৩ ও আবু হায়দার রনির ৪২ বলে ৬৬ রানের ইনিংসে ২৭ বল হাতে রেখে জয় পায় সেন্ট্রাল জোন। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়।


