স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কারাবন্দীদের স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, জেল কোড যুগোপযোগীকরণ, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ফার্স্ট এইড ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আইসিআরসি বাংলাদেশ ডেলিগেশনের প্রধানকে স্বাগত জানান। আইসিআরসি’র প্রতিনিধিদলের প্রধানও মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান জানান, বাংলাদেশের বিদ্যমান জেল কোড যুগোপযোগী করার লক্ষ্যে তারা প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ করেছেন।
এ ছাড়া কারাগারের অভ্যন্তরে স্বাস্থ্যসুবিধা বৃদ্ধি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, কারাগারে বন্দীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া কারাগারের অভ্যন্তরীণ মেডিকেল ইউনিটের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
পুলিশ ও কারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আইসিআরসি’র বিভিন্ন প্রশিক্ষণ প্রস্তাবের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন পেশাদারত্ব বাড়াতে সহায়ক হবে।
নিকোলাস ফ্লাউরি জানান, তারা পুলিশের জন্য ফার্স্ট এইড ও মানবাধিকার এবং পুলিশ ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ আয়োজনে আগ্রহী।
মন্ত্রী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক প্রেরণের জন্য আইসিআরসি’কে অনুরোধ জানান।
রোহিঙ্গাদের মানবিক ও চিকিৎসা সেবা প্রদানের জন্য আইসিআরসি’কে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটকে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে চায়। এ বিষয়ে তিনি আইসিআরসি’র ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আইসিআরসি প্রধানকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার সর্বদা আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইসিআরসি’র মানবিক কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
জেনেভা কনভেনশন প্রতিপালন ও আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়নে আইসিআরসি’র চলমান কারিগরি ও প্রশিক্ষণ সহায়তার জন্যও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।


