সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুর রহমানের আদালতে এ আবেদন দাখিল করা হয়। আগামী রোববার এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবির হোসাইন জানান, দুর্নীতির একাধিক মামলার আসামি হওয়ায় ওই দম্পতির বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
দুদক কর্তৃপক্ষ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। চলতি বছরের ১৭ এপ্রিল সাইফুজ্জামান দম্পতির বিরুদ্ধে ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়।
তাদের যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে নয়টি এবং অন্যান্য দেশে থাকা স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত।
৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়। যেখানে জমা রয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি। পাশাপাশি ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মামলার তদন্তভার পান দুদকের উপ-পরিচালক মশিউর রহমান। ৭ অক্টোবর এ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।


