সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের শাখিপুর উপজেলার মোশাররফ হোসেন।
হামলায় আহত বাংলাদেশিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।
নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন সব হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
পরিস্থিতি শান্ত করতে এবং আরও প্রাণহানি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


