সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। এর ফলে বুধবার থেকে দেশটিতে প্রথম রোজা শুরু হবে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণা দেওয়ার পর বুধবার থেকে পবিত্র রমজান ১৪৪৭ হিজরি শুরু হবে।
সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারও চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা শুরু হবে বৃহস্পতিবার।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরে চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশেও রমজান শুরু হবে বৃহস্পতিবার।
মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে ওই দেশগুলোতেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।
প্রসঙ্গত, বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিত্তিতে আলাদা দিনে রমজান শুরুর ঘোষণা এসেছে সংশ্লিষ্ট ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষের বৈঠক শেষে। প্রতি বছর স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়। ফলে অঞ্চলভেদে তারতম্য দেখা যায়।


