ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে সংস্থাটি।
সেখানে বলা হয়, ‘বাংলাদেশে গুমের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ঘটনা এটিই প্রথম। যা ভুক্তভোগীদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরো বিচার প্রক্রিয়া জুড়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছে।
সংস্থাটি সরকারকে এই বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
এছাড়া এসব মামলার বিচারিক কার্যক্রম বেসামরিক আদালতে করতে এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড না দিতেও অনুরোধ করেছে।


