গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম ও মানবতাবিরোধী অপরাধে মামুন খালেদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য রয়েছে। এ কারণে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো ও জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন। তদন্ত সংস্থা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবে।
অন্যদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ড শেষে এদিন মামুন খালেদকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জশিতা ইসলাম এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি জানিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও পুলিশের গুলিতে মকবুল হোসেন নিহতের ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে করা এই মামলায় মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়েছে। গত ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


