সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে হরিণ শিকারের ৫১টি ফাঁদ জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার দুপুরে সুন্দরবনের ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকা থেকে ফাঁদগুলো জব্দ করা হয়।
বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের ভূতশিং ও ব্যারাকের খাল সংলগ্ন এলাকায় কয়েকজন চোরাশিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৫১টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়।
তবে, বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় তারা কাউকে আটক করতে সক্ষম হননি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
বনবিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


