ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি। সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং সীশল (২৮) নামের দুজনকে আটক করতে সক্ষম হয়। বেঞ্জামিন চিড়ান ফিলিপের মামাশ্বশুর এবং সীশল তার ঘনিষ্ঠ বন্ধু।
এর আগে, ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।


