ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর কোনো ‘পুশইনের’ (ঠেলে পাঠানো) ঘটনা ঘটলে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারের অধীনে তিস্তা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে কি না, সে সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে।
তিনি আরও ইঙ্গিত দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুনে চীন বা ভারত সফর করতে পারেন। তিনি বলেন, সম্ভাব্য চীন সফরে তিস্তা মেগা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।
মন্ত্রী বলেন, তিস্তা ওই অঞ্চলের মানুষের জন্য বেঁচে থাকার প্রশ্ন। বিষয়টির সমাধান প্রধানমন্ত্রী ও সরকারের অঙ্গীকারের মধ্যেই রয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয় লাভ করে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে আশঙ্কা প্রকাশ করেন এখন পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় পুশইন বাড়তে পারে। তারই পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।


