সিলেটের সরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স শনিবার গভীর রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে নগরীর বাসস্যান্ডে থাকা একটি বাসেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, নগরীর চৌহাট্টায় শহিদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত আড়াইটা থেকে পৌনে ৩টার দিকে এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘এটি একটি চরম অমানবিক কাজ। রোগী বহনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে অ্যাম্বুলেসটি পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে একই সময়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
সিলেট ফায়ার সার্ভিস জানায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ সময়ই কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে কর্মীরা সেখানে গিয়েও বাসের আগুন নিয়ন্ত্রণ করে।
কোতোয়ালী পুলিশ জানায়, হাসপাতালের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব নাশকতার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এদিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


