সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী পিকাপের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের বেশিরভাগ ঢালাই শ্রমিক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ‘সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


