অস্ট্রেলিয়ার ৫৫ বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা আগে কখনোই হয়নি, বৃহস্পতিবার ঠিক তা-ই হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন-জাভিয়ের বার্টলেটের জোড়া ফিফটিতে কিছুটা লড়াই করলেও বাংলাদেশের পেসাররা তাদের রেখেছিলেন চাপে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের তোপে ৪২ ওভারে ১৯২ রান তুলতেই ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২ ঘণ্টা ৩৯ মিনিট খেলা বন্ধ থাকার পর ডি/এল মেথডে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়। পরিবর্তিত লক্ষ্যে পাওয়ারপ্লে থাকবে প্রথম ৮ ওভার, সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন একজন বোলার।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে তাসকিনের ইনসুইংগারে বোল্ড হন ম্যাথু শর্ট, আগের ম্যাচেও একইভাবে তাসকিনকে উইকেট দেন এই ডানহাতি ওপেনার। দ্বিতীয় ওভারে বল করতে এসে দুই উইকেট নেন মোস্তাফিজ। প্রথম বলেই লিটন দাসের হাতে ক্যাচ দেন কুপার কোনোলি, শেষ বলে একইভাবে আউট হয়েছেন ম্যাট রেনশ।মোস্তাফিজের তৃতীয় শিকার অ্যালেক্স ক্যারি, পয়েন্টে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন তিনি ব্যক্তিগত ১৩ রানে।
২৫ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে লড়াইয়ের ফেরানোর চেষ্টা করেন জশ ইংলিস, তবে তানভীর ইসলামকে কভারে তুলে মারতে গিয়ে তানজিদের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে আসে ৩৮ রানের ইনিংস। বিপদ আরো বাড়ে তানভীরের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ক্যামেরন গ্রিন ফেরার পর।
তবে সেখান থেকে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটিতে লড়াই জমিয়ে তোলেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। যদিও সেই জুটি ভাঙেন তাসকিন বার্টলেটকে বোল্ড করে। ৫২ রান করা এই ডানহাতি ব্যাটাররের ঠিক পরের বলেই বোল্ড করেন অ্যাডাম জাম্পাকে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়াতে ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশেন। তিনটি করে উইকেট নেন মোস্তাফিজ ও তাসকিন। দুই উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর।


