সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত সংগঠনের ৫০ জন নেতা এক সঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় সংগঠনের সদ্য ঘোষিত জেলা কমিটিকে ‘অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন তারা।
রোববার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী নেতারা জানান, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নতুন কমিটিতে বিতর্কিত ও সংগঠনের আদর্শবিরোধী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, এই সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ গোপনে নেওয়া হয়েছে-যা সংগঠনের মূলনীতি ও নৈতিকতার পরিপন্থী।
এ ছাড়া নেতারা সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদকে দেওয়া একটি ডেমো পদত্যাগপত্র উপস্থাপন করেন।
এ সময় নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের কারও বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়।


