সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রিকশায় থাকা এক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আখি খাতুন (৩০)। তিনি বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
রোববার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ–মুলিবাড়ি সড়কের পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশাচালকও গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের এসআই বাস কাউন্টার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিয়ারা ঘাট এলাকায় পৌঁছালে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার আরোহী আখি খাতুন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ–মুলিবাড়ি সড়কের পৌর এলাকায় এক গৃহবধু নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


