সিরাজগঞ্জ পৌর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হোসেনপুর ও মালশাপাড়া মহল্লায় সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। এদিন রাত ৯টা থেকে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই দুই মহল্লায় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। পরে যৌথ বাহিনী এলাকায় শান্তি রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সাত জনকে আটক করে থানায় পাঠায়। এসময় দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


