টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।
ঘাটাইল থানার এসআই নাজিম উদ্দিন জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এসআই নাজিম উদ্দিন।


