ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত সিটিটিসির সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। তিনি সিটিটিসির সক্ষমতা, প্রযুক্তিগত উদ্যোগ এবং ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন।
সিটিটিসির চলমান কার্যক্রম ও পারস্পরিক সহায়তার ক্ষেত্র বিস্তারে উভয় পক্ষ একমত পোষণ করেন।


