সাভারে স্ত্রী হত্যা: রংপুর থেকে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভারে স্ত্রী হত্যা: রংপুর থেকে ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার রনি ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী ওরফে রনি ইসলামকে (২৩) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রংপুরের কোতোয়ালী থানার দারোগার মোড় সাতমাথা সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত রিয়া মনি সৌদি আরব প্রবাসী আব্দুর রউফ ও মালয়েশিয়া প্রবাসী বিউটি বেগমের একমাত্র সন্তান। ছয় বছর প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে রনি চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা সাভারের ছায়াবীথি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ৮ জুন সকালে রনি তার মা রিনা আক্তারকে ফোন করে রিয়া মনির মৃত্যুর খবর জানান। পরে রিয়ার মামা সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে মরদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রনি চৌধুরীসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে রিয়া মনিকে হত্যা করে বাসার দরজায় তালা লাগিয়ে আসামিরা পালিয়ে যায়। মামলা রুজুর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad