সাভারে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, আটক ৯

সাভারে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, আটক ৯
সাভার মডেল থানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

সাভারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের(ডিবি) সদস্য পরিচয়ে তৈরি পোশাক রপ্তানির কারখানা থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সাভার ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের কর্মকর্তারা অদূরের হেমায়েতপুরের একটি ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে ঢাকায় রওনা হলে পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে একদল দুষ্কৃতকারী।

একপর্যায়ে তারা গাড়িতে থাকা ২৫ লাখ টাকা ছিনতাই করে সটকে পড়ে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে ডেলিকেট গার্মেন্টস কর্তৃপক্ষ। মামলার ছায়া তদন্তের ভার পড়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কাঁধে।

আরও পড়ুন

তারই অংশ হিসেবে মঙ্গলবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত নয় ছিনতাইকারীর কাছ থেকে এ সময় ছিনতাই করা ২৫ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযুক্তরা ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই, ডাকাত, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, ছিনতাইয়ে জড়িতরা হলেন- শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। তাদের মধ্যে ‘ডাকাত সরদার’ শহিদুলের নামে দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারকৃত অন্য অভিযুক্তদের নামেও ডাকাতি, হত্যা, ছিনতাই, খুনসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয় বলে জানান পুলিশ সুপার। সেইসঙ্গে ছিনতাই হওয়া আরো ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad