সাভারে একটি ভবনের ঘরের ভেতর দিয়েই গেছে উচ্চ ভোল্টের বিদ্যুতের তার। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই ভবনটিতে বাস করছে ছয়টি পরিবার।
সাভারের হেমায়েতপুর ধরিণধরা এলাকায় গিয়ে দেখা যায়, বাবুল মিয়া নামে এক ব্যক্তির চার তলা ভবনের দোতলার সিঁড়ি ও একটি ঘরের ভিতর দিয়ে ৬ হাজার ৩৫০ ভোল্টের বিদ্যুতের দুটি তার চলে গেছে।
জানা গেছে, প্রায় ৪ বছর আগে ওই এলাকার হোসেন আলী ভবনটি নির্মাণ করেন। ভবন নির্মাণের কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই বিদ্যুতের তার ভেতরে রেখেই ভবনটি নির্মাণ করেন তিনি।
বর্তমানে ওই ভবনে ঝুঁকি নিয়ে ছয়টি পরিবার বসবাস করছে। বাড়িটির বর্তমান মালিক বাবুল মিয়ার ছেলে রোমান মুঠোফোনে জানান, ‘আমরা ৭ মাস আগে বাড়িটি কিনেছি। বিদ্যুতের তার সরানোর জন্য প্রায় ২০ দিন আগে পল্লী বিদ্যুৎ অফিসে ঢাকা জমা দিয়েছি। এই মাসেই লাইনটি সরানোর কথা আছে।’
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার গোলাম কাউসার তালুকদার বলেন, বর্তমানে ওই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে বাইপাস করে বিদ্যুৎ সরবরাহ চলছে। ভবনটির মালিক তার সরানোর জন্য টাকা জমা দিয়েছেন, খুব শিঘ্রই লাইনটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।


