সাভার পৌর এলাকায় এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ডগরমোড়া সিআরপি রোড এলাকার শান্ত ও তার বন্ধু আশিক।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরী ডগরমোড়া এলাকায় বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিল। পথে শান্ত নামের এক যুবক কিশোরীর ওড়না কেড়ে নিয়ে দৌড়ে তাদের বাড়ির সামনে যায়। ওড়না উদ্ধারের জন্য কিশোরী পেছনে গেলে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে বাড়ির দোতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে শান্তসহ আরও পাঁচজন মিলে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া। এর মধ্যে রানা নামে স্থানীয় এক প্রতিবেশী ঘটনাটি জেনে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকেও বেধড়ক মারধর করে। পরে রোববার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ।


