ঢাকার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার মিজানুর রহমান শাহীনকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাগিনা।
বুধবার ভোরে দোহার থানায় করা রাফি করিম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন জানান, গত বছর ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ারা খানম বাদী হয়ে ৫ জন আসামীর নাম উল্লেখ করে দোহার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজানুর রহমান শাহীন আত্মগোপনে যান। পরে ৭ জুলাই তিনি কাতারে চলে যান।
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রাফি করিম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দীঘি দখল করেন। দখল করা দীঘিগুলোর মধ্যে রাফি করিমদের কয়েকটি দীঘি রয়েছে। ৫ আগষ্টের পর রাফি করিম তাদের দীঘির নিয়ন্ত্রণ নেয়। এর জের ধরে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করে। শাহীনের নির্দেশে তারা (আলামিনসহ অন্যরা) রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শাহীনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে বুধবার ভিসা বিষয়ে সাক্ষাৎকারে অংশ নিতেই মিজানুর রহমান শাহীন কাতার থেকে দেশে ফিরছিলেন। তখনেই তাকে গ্রেপ্তার করা হয়।


