আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার সকালে সফুরা বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সফুরা বেগম পলাতক ছিলেন। তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন।
সেখান থেকেই তিনি ‘জয় বাংলা ব্রিগেডের’ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরাতে নানা পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুরের কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা, নাশকতা, দ্রুত বিচার আইন ও প্রতারণার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
এর মধ্যে গত বছরের ৩১ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।


