জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় তিন দফায় ১২ দিনের রিমান্ড নেওয়া হয়। এরপর রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তৃতীয় দফায় ১২ দিনের রিমান্ডে পাঠানো হয়। ৩ মে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।
আসামি পক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি নিয়ে আদালত আবার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সেই বছরের ৭ আগস্ট রুবেল মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।


