সাবেক আওয়ামী লীগের মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল গুলশানের একটি এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শামীম শেখ বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা।
ডিবি পুলিশ জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেপ্তারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার তাকে নাজিরপুর উপজেলার একটি নিয়মিত মামলায় আদালতে পাঠানো হবে।’
আওয়ামী লীগ সরকারের সময়ে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন শ ম রেজাউল করিম। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন রেজাউল করিম। গত জুনের দিকে তাকে একবার লন্ডনে প্রকাশ্যে দেখা যায়।


