দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, সংস্থার সহকারি পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, এনামুর রহমানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলের অপরাধে মামলা করা হয়েছে।
এছাড়া আবেদনে আরও বলা হয়, তার পাঁচটি ব্যাংক হিসাবে মোট ছয় কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা ও মোট ছয় কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনকভাবে তোলাসহ সর্বমোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধ ছাড়াও অবৈধ অর্থ হস্তান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অপরাধে সাবেক প্রতিমন্ত্রীর বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের আয়করের আগের সব হিসাবসহ ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। যা ঢাকার কর অঞ্চল-১০ এ রক্ষিত আছে। তাই মামলার তদন্তের স্বার্থে ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দ করার জন্য আদালতের আদেশ প্রয়োজন।


