সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়নের গোলাখালী নদীর পাড় থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, সাতটি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার ও ১৬টি এলকে রেঞ্জ।
বিজিবি জানায়, ভারত থেকে নদী পথে শ্যামনগরে একটি বড় চালান আনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী গোলাখালী নদীর পাড়ে একটি চিংড়ী ঘেরে মাটিতে পুতে রাখা ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, সাতটি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার ও ১৬টি এলকে রেঞ্জ জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাচালানকারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায়, তাদের আটক করা সম্ভব হয়নি।
নীলডুমুর রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।


