সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম তামান্না খাতুন (১২)। সে ওই এলাকার মো. আব্দুল হাইয়ের কন্যা।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে তামান্না বাড়ি থেকে বের হয়ে ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


