উদীয়মান নির্মাতা সাজ্জাদ খান বানিয়েছেন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাহস’ ও ‘কাঠগোলাপ’। এটি চলচ্চিত্রের কাহিনি আলাদা হলেও এদের মধ্যে একটি মিল রয়েছে। তা হচ্ছে দুটি ছবিই সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এর মধ্যে ‘সাহস’ নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তি পেলেও ‘কাঠগোলাপ’ ৩ বছর ধরে নিষিদ্ধ রয়েছে। নানা চিঠি চালাচালি ও আপিলের পরেও এ নিষেধাজ্ঞা কাটাতে পারেনি ছবিটি।
তবে কথায় রয়েছে, কোনো নির্মাতাকে চাইলে কেউ আটকে রাখতে পারে না। ইতোমধ্যে তিনি শুরু করেছেন তার পরবর্তী ছবি ‘পরাপার’-এর কাজ। ইতোমধ্যে ফেসবুকে ছবিটির একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, বিশাল সমুদ্রে মানুষ ভর্তি। তুমুল বেগে ছুটে চলছে জাহাজটি । উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের ছায়া সমুদ্রের পানিতে।
সাজ্জাদ খান জানান, প্রতি বছরই বাংলাদেশ থেকে বহু মানুষ ইউরোপীয় দেশগুলোতে পারি জমায় সুন্দর জীবন প্রাপ্তির আশায়। কিন্তু তাদের সে আশা সবসময় পূরণ হয় না। যাদের হয় তাদেরকে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এ ছবিটিতে আমরা এ লড়াইয়ের গল্প বলবো।
ছবিটির কাহিনি লিখেছেন সৌভিক পন্ডিত। এ মুহূর্তেই ছবিটির কাস্টিং জানাতে চান না সাজ্জাদ। জানালেন, এ বছরই শুটিং শুরু করবেন বড় বাজটের ছবিটির।


