টানা বৃষ্টিতে মঙ্গলবার থেকেই কভারে ঢাকা পড়ে আছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বুধবারও বদলায়নি পরিস্থিতি, সকাল ১১টা থেকে টানা বৃষ্টিতে সরেনি উইকেটের কভার। প্রবল বর্ষণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হয়েছে পরিত্যক্ত।
দুপুর ১২টা ২০ মিনিটে মাঠে এসেছিল দুই দলই। কিন্তু বৃষ্টির কারণে ড্রেসিংরুমের বাইরে যাওয়ার পরিস্থিতিও তাদের আসেনি। এমনকি সকাল থেকে আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল কিংবা গ্রাউন্ডসম্যানদেরও দেখা যায়নি। ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায়, সেই অনুযায়ী টসের সময় ছিল দুপুর ১.৩০ মিনিটে। তবে বৃষ্টিতে বিলম্বিত হয় টস।
কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ মাঠে গড়াতে কাট অফ টাইম ছিল বিকেল ৫.১৬ মিনিট। কিন্তু বৃষ্টি না থামায় এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা হয় দ্বিতীয় টি-টোয়েন্টি।
চট্টগ্রাম স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্দান্ত হলেও সময় আর বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় বাতিল হয়েছে ম্যাচ। এরাগে কিউরেটর জাহিদ রেজা বাবু টাইমস অফ বাংলাদেশকে জানান, বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তুলতে পারতেন গ্রাউন্ডসম্যানরা। কিন্তু টানা বর্ষনে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে।
সোমবার চট্টগ্রামের এই মাঠে নিউজিল্যান্ডকে ১৮২ রানে আটকে রেখে সেই লক্ষ্য ১২ বল ও ৬ উইকেটে হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


