মানিকগঞ্জের সিংগাইর পৌর সদরের আঙ্গারিয়া মহল্লার বেপারীপাড়ায় নিজ বাসার শয়নকক্ষ থেকে সেলিনা আক্তার (৪২) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামী জাহাঙ্গীর আলম সিংগাইর গ্রীন স্ট্রিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের বড় বোন রামেসা বেগম জানান, খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন স্বামী জাহাঙ্গীর আলম মৃতদেহ একটি ভ্যানে তোলার চেষ্টা করছেন।
নিহতের আরেক বোন আনিসা বেগম অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম পরকীয়ায় আসক্ত ছিলেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বামী জাহাঙ্গীর আলম দাবি করেন, সেলিনার সঙ্গে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরকীয়া সম্পর্ক ছিল। ফোনে ওই প্রধান শিক্ষকের সঙ্গে ঝগড়া করে অভিমান করে সেলিনা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন মহির মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে, জাহাঙ্গীর আলমের মা রাশেদা বেগমও নিহতের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবি করেছেন।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া ছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা–তা নিশ্চিত করা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


