বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারকারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তখ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়-‘দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জি’র রাজনৈতিক উত্থান, দেশ কাল পাত্র ভেদে তাদের নয়া রাজনৈতিক আকাঙ্খা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন।’
‘আজ তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশীপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।’
এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি জানানো হয় যে, এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজও চলছে।
প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ঢাকায় পৌঁছান বিএনপি, এনসিপি ও জামায়াত নেতারা।
সফর বিষয়ে বিমানবন্দরেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
বিমানবন্দরের ভিআইপি গেটে যখন বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন তখন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চঃস্বরে স্লোগান দিতে থাকেন। এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।
এরপরই এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।


