জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী তার ওপর হামলার যে অভিযোগ তুলেছেন, তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, জনগণের সহানুভূতি আদায় এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই বিএনপির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের প্রার্থী।
মঙ্গলবার ওই নির্বাচনী এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তিনি অভিযোগ করেন, মির্জা আব্বাসের কর্মী-সমর্থকেরা তার ওপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনসংযোগে বের হয়ে মির্জা আব্বাস বলেন, ‘ওরা মিথ্যা কথা বলছে। এটি কেবল সহানুভূতি পাওয়ার জন্য বলা হচ্ছে। আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। আজ পর্যন্ত বিএনপির সমর্থকেরা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা করেছে-এমন কোনো রেকর্ড নেই।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন ভন্ডুল করার চেষ্টা চলছে। তবে তিনি তার কর্মীদের শান্ত থাকার এবং নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটি অর্জন, যা আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করেছি। তাই নির্বাচন ভন্ডুল করার কোনো কারণ আমাদের নেই।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, এনসিপি নেতার বিশাল আকৃতির রঙিন পোস্টার নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত।
দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৭ সালে তিনি ওই এলাকায় ওয়ার্ড কমিশনার ছিলেন এবং পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ তাকে চেনেন এবং তিনি ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন।


