সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সুবিধা পাবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ডে প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।
এর আগে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থির পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথমবার ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও একই ক্ষমতা পান। সে সময় থেকে ধাপে ধাপে এই মেয়াদ বাড়ানো হয়ে আসছে।


