ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা মদন কুমার প্রামাণিক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বলেন, ‘গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। এই আদেশের ফলে বর্তমানে ওই দুই ইউনিয়নেই চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক ও নাগরিক সেবা প্রদান কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে খুব দ্রুতই প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া করা হবে।


