সরকারের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে শুধু অপপ্রচার নয়, মব কালচারও তৈরি করা হচ্ছে।’
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান অটোচালক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করেছে, বেকারত্ব বাড়ানোর নয়। তিনি বলেন, ‘বিএনপি বেকার তৈরি করেনি, কর্মসংস্থান তৈরি করেছে।’
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমবাজার তৈরির সূচনা হয়েছিল জিয়াউর রহমানের সময়। তারেক রহমানের নেতৃত্বে দেশে বেকারত্ব কমাতে বিভিন্ন খাতে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
হকারদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘কাউকে উচ্ছেদ করা হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। কারণ, পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রের রয়েছে।’
আওয়ামী লীগের ১৯৭২-৭৫ সময়কার শাসনের সমালোচনা করে তিনি বলেন, ওই সময় দেশে দারিদ্র্য, সংকট ও দুর্ব্যবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, অতীতের রাজনৈতিক জোট ও আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, কোনো সুযোগে পুরোনো ফ্যাসিবাদের উত্থান হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পদ্মা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করেননি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আরিফুর রহমান তুষার। পরে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।


