জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কি না।
শনিবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।
তিনি জানান, দেশের শাসনব্যবস্থার সংস্কার এবং জনগণের প্রত্যাশা পূরণই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তবে রাজনৈতিক মহলে চলমান আলোচনা ও জনগণের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের সার্বিক পারফরম্যান্স এবং রাষ্ট্র সংস্কারের গতির ওপরই মূলত নির্ভর করবে দেশে কোনো মধ্যবর্তী নির্বাচন বা দ্রুত নির্বাচনের প্রয়োজন হবে কি না।
অনুষ্ঠানে দেশজুড়ে স্বাস্থ্য খাতের নানা সংকট, বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক ব্যাধির প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিগত স্বৈরাচারী আমলের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বক্তারা।
ফারাক্কা দিবস উপলক্ষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ওপর জোর দেওয়া হয়।
বক্তারা স্পষ্ট করেন, বাংলাদেশ কোনো পরাশক্তির ‘প্লে-গ্রাউন্ড’ হবে না এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকারে তরুণ সমাজ প্রস্তুত।
একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পতিত স্বৈরাচারী শক্তির যেকোনো ধরনের উসকানি বা অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


