উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভাজন দূর করে সব প্রতিষ্ঠানকে সমানভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি- বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।
বুধবার বিইউবিটি আয়োজিত ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আয়োজনে তিনি এ কথা বলেন।
আলোচনায় বক্তারা উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষার মানোন্নয়ন এবং সমসাময়িক শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ আমিনুর রহমান বলেন, দেশের উচ্চশিক্ষায় গবেষণা সংস্কৃতি জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ সারফরাজ হামিদ বলেন, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ বিষয়ে গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিইউবিটির উপাচার্যও বলেন, একটি দেশের উন্নয়নে গবেষণায় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদ হুসাইনসহ শিক্ষক, কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


