গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিএনপি সরকারকে পথ দেখাবেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে সবাইকে দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১৩ নম্বরে এতিমদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সরকারের ভুল ধরিয়ে দেয়ার পাশাপাশি গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে পথ দেখানো হবে।’
‘বিরোধীদল সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায়, কিন্তু জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে জবাবদিহি নিশ্চিত করতে তারা সজাগ থাকবে।’
তিনি আরও বলেন, ‘একদিন এতিমদের মধ্য থেকেও কেউ প্রধানমন্ত্রী হবেন। সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী।’
গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘নতুন সরকার ক্ষমতা নেয়ার পরে বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা সরকারের নির্লজ্জ হস্তক্ষেপ।’
দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম নেওয়া হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল।’
‘রাজনৈতিক মানবতার জন্য জনগণের ক্ষতি হবে এমন কোনো পরিস্থিতি সরকারের কিংবা বিরোধীদলের পক্ষ থেকে ঘটতে দেওয়া হবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে বিরোধীদল প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকবে।’
জামায়াত রাজনৈতিক দল হিসেবে প্রতিটি ভালো কাজের জন্য সরকারের সঙ্গে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে আমাদের ইচ্ছা, এমন পরিস্থিতি যেন গড়ে না ওঠে যেখানে প্রতিরোধের প্রয়োজন হয়।’


