সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন এক নারী।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মৃণাল কান্তি দাশ। তিনি মৌলভীবাজার কোর্টে কর্মরত। এর আগে তিনি রাজনগর থানায় মুন্সি (কনস্টেবল) হিসেবে দায়িত্ব পালন করেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের পুলিশ সুপারকে দিয়েছেন। একইসঙ্গে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজনগর থানায় কর্মরত থাকা অবস্থায় কনস্টেবল মৃণাল কান্তি দাশের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হন এবং একটি সন্তানের জন্ম দেন।
অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর থেকে মৃণাল কান্তি দাশ শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘সন্তানের আইনি অধিকার ও সামাজিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’ তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে পিবিআই মৌলভীবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত করা হবে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।


