ঢাকার লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই গলিতে এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে শাহিনের ব্যাপারে জানতে চান। শাহিনের বিষয়ে কিছু জানেন না শুনেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন৷ এক পর্যায়ে সজিব রাফিকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে দুইজন ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে৷
ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও আট থেকে নয় জন ছিল বলেও জানান সজীব।
তিনি বলেন, ‘গুলি করে তারা পালিয়ে যায়। পরে তিনি রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।
আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে।
তার মা মোমেনা বেগম জানান, রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।


