শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের দক্ষতা, উৎপাদনশীলতা ও বাস্তব সক্ষমতা অর্জনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এতে প্রায় ২ হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে শিক্ষিত তরুণদের হাত ধরেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে বাংলাদেশ বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।’
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এ বি এম আজিজুর রহমান নবীনদের নিজ নিজ অনুষদের ডিনদের কাছে পাঠক্রমে অন্তর্ভুক্তির জন্য উপস্থাপন করেন। ডিনরা শিক্ষার্থীদের গ্রহণ করার পর উপাচার্য নবীনদের শপথবাক্য পাঠ করান।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপকজামাল উদ্দীন রুনু। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম রাশিদুল আলম নবীনদের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব।


