রাজধানীর সদরঘাটে নৌদুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
বুধবার বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঢাকার সদরঘাটে এমভি জাকির সম্রাট-৩ ও আসা-যাওয়া-২ নামের দুটি যাত্রীবাহী জাহাজ ঘাট ত্যাগের সময় মাঝখানে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের উন্নত চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নৌপথে নিরাপত্তা জোরদার, ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নৌযানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিয়ে আসছে এবং এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো নিরীহ নৌযান শ্রমিক হয়রানি, মিথ্যা মামলার শিকার বা প্রশাসনিক নিপীড়নের মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
নেতৃবৃন্দ ভবিষ্যতে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


